পরিচালনাকারী সংস্থার অর্থ ফুরিয়ে যাওয়ায় বিশ্বভ্রমণে বের হওয়া বিলাসবহুল ক্রুজ জাহাজ ‘ওডিসি’ সিঙ্গাপুর বন্দরে জব্দ করা হয়েছে। সাড়ে তিন বছরে ১৫০টি দেশ পরিভ্রমণ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও, জ্বালানির তীব্র মূল্যবৃদ্ধি ও আর্থিক সংকটে শেষ পর্যন্ত মাঝপথেই থেমে গেল এই দীর্ঘ সামুদ্রিক যাত্রা।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিলা ভি রেসিডেন্সেস’-এর মালিকানাধীন এই জাহাজটি ২০২৪ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে। বিবিসি জানিয়েছে, যাত্রীদের জন্য এতে স্থায়ীভাবে বসবাসের পাশাপাশি মাসিক ভাড়ারও ব্যবস্থা ছিল। তবে শুরু থেকেই নানা যান্ত্রিক গোলযোগ, আইনি জটিলতা ও আর্থিক সমস্যায় জর্জরিত ছিল পুরো আয়োজন। একপর্যায়ে খাবার সরবরাহকারীর বকেয়া মেটাতে না পেরে নাবিকদের স্থানীয় দোকান থেকে খাবার কিনতে হয়েছিল।

সাম্প্রতিক যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় কম্পানিটির পরিচালনা ব্যয় আকাশচুম্বী হয়ে পড়ে। প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ যেখানে ১৮০০ ডলার ছিল, তা লাফিয়ে ৮০০০ ডলারে পৌঁছায়। এই পরিস্থিতির সামাল দিতে না পেরে গত মাসে কম্বোডিয়ায় অবস্থানকালে হঠাৎ করেই কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। ফলে জাহাজে থাকা প্রায় ২০০ যাত্রী মাঝপথেই নেমে যেতে বাধ্য হন। কম্পানিটি জানায়, কম্বোডিয়ায় আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে কাজ করছে তারা। 

পরবর্তীতে চলতি মাসের শুরুতে জাহাজটি সিঙ্গাপুর পৌঁছালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ এটিকে জব্দ করে। সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে এই মুহূর্তে কোনো যাত্রী নেই এবং ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন।

বিশ্ব পরিভ্রমণের স্বপ্ন নিয়ে শুরু হওয়া এই বিলাসবহুল সফর যাত্রীদের জন্য একটি বড় দুঃস্বপ্নে পরিণত হলো। ঋণদাতাদের আইনি পদক্ষেপ এবং পরিচালনাকারী সংস্থার চরম আর্থিক অনিশ্চয়তার কারণে জাহাজটির ভবিষ্যৎ এবং আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণের বিষয়টি এখন বড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে।