সম্প্রতি কালীপূজা ও দীপাবলি উদ্‌যাপনে টালিউড অভিনেতা দেবের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজি পোড়ানোর সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন সোহিনী। এরপর থেকেই টলিউড পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে, দেবের পরবর্তী সিনেমা ‘টনিক ২’-এ কি তার বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে?

গত পূজায় মুক্তি পেয়েছে দেবের ‘দেশু ৭’ সিনেমা। প্রচারণা শেষে নরওয়েতে ঘুরতে গিয়েছিলেন তিনি এবং সেখানকার আকাশে মেরুজ্যোতি দেখার ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। দেশে ফিরে ‘দেশু ৭’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়ে দেব জানান, তার পরবর্তী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচারের পরিকল্পনা চলছে। এরপরই তিনি শুরু করবেন ‘টনিক ২’ সিনেমার কাজ।

বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তিপ্রাপ্ত ‘মৃগয়া ১.৫’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন সোহিনী। এই সিনেমায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেখানে দেবের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন ও নতুন সিনেমায় জুটি বাঁধা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ডটকমের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়।

জবাবে সোহিনী বলেন, ‘আমরা একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছি। তারই একটা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলাম। তার মানে এই নয় যে আমরা একসঙ্গে কাজ করছি। এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়, আশা করি এটাও সময় বলবে।’ দেবের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘যদি সত্যিই কাজ করতে পারি, তবে খুবই উচ্ছ্বসিত হব। দেব সবার পছন্দের তারকা, দেখা যাক কী হয়।’

সোহিনীর এমন কৌশলী উত্তরে নতুন জুটির জল্পনা আরও জোরালো হয়েছে। জানা গেছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার প্রচার ও মুক্তির পর নিজের জন্মদিন কাটিয়ে নতুন বছরে ‘টনিক ২’-এর শুটিং শুরু করবেন দেব। দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় জুটির পাশাপাশি এই সিনেমায় সোহিনী যুক্ত হন কি না, তা জানতে এখন অপেক্ষা করতে হবে।

সূত্র: আনন্দবাজার